
অনলাইন ডেস্ক : সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অন্যায় ও প্রতিহিংসা থেকে দূরে থেকে ন্যায়ের পথে থাকার আহ্বান জানিয়েছেন। পোস্টে ফ্যাসিবাদীদের সন্ত্রাস আর আমাদের নিরাপত্তাহীনতা বাস্তব বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার (৯ মার্চ) নিজের ফেসবুক পোস্টে তিনি কোরআনের আয়াত ও হাদিস উদ্ধৃত করে বলেন, ‘লা তাযলিমুনা ওলা তুযলামুন— তোমরা যুলুম করো না, তোমাদের ওপরও যুলুম করা হবে না।’ তিনি আরও উল্লেখ করেন, ‘আল্লাহ, আমি পানাহ চাই যুলুম করা থেকে এবং মজলুম হওয়া থেকে।’
তিনি লেখেন, এ দুইটা আয়াত আর হাদিস মিলায়ে দেখেন। জালিম হইয়েন না এবং মযলুম ও হইয়েন না। ন্যায়ের পথে থাকেন।
মযলুম হইয়েন না- এর মানে দুইটা। এক, আপনি যুলুম করবেন না, যাতে আপনার উপর যুলুম এসে পড়ে। দুই, আপনি যুলুম প্রতিহত করবেন, যাতে কেউ যালেম না হয়ে উঠতে পারে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আমাদের উচিত এমন এক ন্যায়ভিত্তিক সমাজ/রাষ্ট্র তৈরি করা, যাতে সন্ত্রাসীরাও লজ্জা পায়, অনুতপ্ত হয় । আর, যদি তাঁরা ক্ষমা না চায়, অনুতপ্ত না হয় তাহলে তো তাঁদের জন্য রাজনৈতিক প্রতিরোধ আর আইনি প্রক্রিয়া আছেই। কিন্তু, যালেম হইয়েন না।
পোস্টের শেষে মাহফুজ আলম বলেন, সন্ত্রাস মোকাবেলায় সরকারকে আইনের শাসনের পথে হাঁটতে হবে। আইনের শাসন নিশ্চিত হলে মব সন্ত্রাস ও সামাজিক প্রতিহিংসা কমবে বলেও মন্তব্য করেন তিনি।



