অধিনায়কত্ব হারাচ্ছেন রশিদ খান

Chif Editor

অনলাইন ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে আফগানিস্তানকে। এই ব্যর্থতার পর কাঠগড়ায় উঠেছেন অধিনায়ক রশিদ খান। জোর গুঞ্জন, নেতৃত্ব হারাতে পারেন তিনি।

আফগান সংবাদমাধ্যম আমু টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর অধিনায়কত্বে পরিবর্তনের পথে হাঁটতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। রশিদের পরিবর্তে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন ইব্রাহিম জাদরান।

দীর্ঘ সময় ধরেই আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খান। ২০১৯ সালে প্রথমবার নেতৃত্ব পান তিনি। এরপর এই ফরম্যাটে ৪৮ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন রশিদ। তার অধিনায়কত্বে আফগানিস্তান জয় পেয়েছে ২৬ ম্যাচে, হেরেছে ২১টিতে।

প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই রশিদকে সরানোর বিষয়টি বিবেচনায় এনেছিল বোর্ড। তবে সামনে বড় টুর্নামেন্ট থাকায় তখন আর পরিবর্তনের পথে যায়নি তারা।

রশিদের বিকল্প হিসেবে ইব্রাহিম জাদরান ছাড়াও আলোচনায় আছেন রহমানউল্লাহ গুরবাজ এবং আজমতউল্লাহ ওমরজাই। যদিও ওমরজাই নেতৃত্ব নিতে আগ্রহী নন বলেও জানা গেছে।

সব মিলিয়ে বিশ্বকাপ ব্যর্থতার পর আফগানিস্তান দলে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে, যেখানে অধিনায়কত্ব বদলই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

Leave a Reply