
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত আজাদী স্টেডিয়াম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটি। প্রায় ১২ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করা হতো।
বৃহস্পতিবার (৫ মার্চ) চালানো ওই হামলায় স্টেডিয়াম সংলগ্ন সাইক্লিং ফেডারেশনের ডরমিটরি এবং একটি নবনির্মিত ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়া সুইমিং পুলসহ বেশ কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।
ইরানের রোয়িং ফেডারেশনের সভাপতি আলিরেজা সোহরাবিয়ান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি রেড ক্রস সনদের লঙ্ঘন। তার মতে, যুদ্ধকালীন সময়েও খেলাধুলা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক নিয়মে নিষিদ্ধ।
ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সাম্প্রতিক হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি ও নিহত নাগরিকদের জন্য শোক ও সমবেদনা জানান।


