প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬, ১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
লীগ অ্যাক্টিভ হয়েছে, সবাইকে নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ করা হলো: ইনকিলাব মঞ্চ
অনলাইন ডেস্ক :- ‘লীগ অ্যাক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্য দিকে প্রবাহের চেষ্টা করছে। শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।’
আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এক ফেসবুক পোস্টে এই বার্তা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
প্রসঙ্গত, পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে রাজধানীর শাহবাগে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় ঢাকা-৮ আসনের সতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি আহত হয়েছেন বলে জানা যায়।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে তারা কর্মসূচি পালন করছিলেন। একপর্যায়ে পুলিশ তাদের সরে যেতে বললে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এর আগে, জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করলে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পুলিশ তাদের বাধা দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, ডাকসু নেত্রী জুমা ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ কয়েকজন আহত হন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র