
তৌহিদ ইসলাম, ঢাকা প্রতিনিধি :- রাজধানীর ফার্মগেট একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা। এই এলাকায় রয়েছে একাধিক সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান। প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতে এলাকাটি সবসময়ই মুখর থাকে।
তবে এই গুরুত্বপূর্ণ শিক্ষানিবেশ এলাকায় সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ভিন্ন এক চিত্র দেখা যায়। সূর্যাস্তের আগমুহূর্ত থেকেই ফার্মগেটে দেহব্যবসায়ীদের আনাগোনা শুরু হয়। অভিযোগ রয়েছে, বোরখা পরিধান করে দেহব্যবসায় জড়িত নারীরা এ এলাকায় অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে।
ফার্মগেট পুলিশ বক্স থেকে শুরু করে আনন্দ সিনেমা হল পর্যন্ত বিভিন্ন স্থানে তাদের অবস্থান লক্ষ্য করা যায়। বিশেষ করে আনন্দ সিনেমা হলের বাম পাশের ছোট ওভারব্রিজের ওপর এবং সিনেমা হলের নিচে দেহব্যবসায়ীদের দাঁড়িয়ে থাকতে প্রায়ই দেখা যায়।
একটি গোপন অনুসন্ধানে জানা গেছে, এই অবৈধ কর্মকাণ্ড পরিচালনার জন্য ফার্মগেট এলাকায় “হোটেল রূপসী বাংলা” নামের একটি আবাসিক হোটেল ব্যবহার করা হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমপূর্ণ একটি এলাকায় পুলিশের নাকের ডগার নিচে দীর্ঘদিন ধরে এ ধরনের অপকর্ম চললেও সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।


