
অনলাইন ডেস্কঃ খুলনায় ভোটের মাঠে উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) খুলনা-২ আসনের সোনাডাঙ্গার তালিমুল মিল্লাত মাদ্রাসা কেন্দ্রে তিন মাসের শিশু আমিনাকে কোলে নিয়ে সকালেই ভোট দিতে আসেন গৃহিণী তামান্না বেগম। শিশুকে কোলে নিয়েই তিনি গোপন কক্ষে ভোট প্রদান করেন। একই সময়ে তার স্বামীও আরও দুই ছোট সন্তানকে সঙ্গে নিয়ে একই কেন্দ্রের অন্য একটি কক্ষে ভোট দেন।
তামান্না বেগম বলেন, এবারের নির্বাচনকে ঘিরে পাড়া-মহল্লায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। বেলা বাড়লে ভিড় হতে পারে—এই আশঙ্কায় খুব সকালে সন্তানদের প্রস্তুত করে ভোটকেন্দ্রে এসেছেন। কোনো ধরনের জটিলতা ছাড়াই ভোট দিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সুন্দর পরিবেশে সবার উপস্থিতিতে যেন ঈদের আমেজ তৈরি হয়েছে।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, তালিমুল মিল্লাত মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৮১ জন। প্রথম ঘণ্টায় এখানে ২১৮টি ভোট পড়েছে।



