অনলাইন ডেস্কঃ
সুন্দরবন রক্ষা এবং ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে উপজেলা প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে সিডিও ইয়ুথ টিম ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান ও আনিসুর রহমান মিলনের সঞ্চালনায় এবং শিক্ষক-সাংবাদিক রনজিৎ বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরানসহ স্থানীয় পরিবেশকর্মী ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, সুন্দরবন কেবল একটি বনভূমি নয়; এটি উপকূলীয় জনপদের প্রাকৃতিক সুরক্ষা দেয়াল এবং অসংখ্য প্রাণী ও উদ্ভিদের নিরাপদ আবাসস্থল। দেশের পরিবেশ, অর্থনীতি ও উপকূলবাসীর জীবিকার সঙ্গে এ বন ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু অবৈধ বন উজাড়, বন্যপ্রাণী শিকার, বিষ প্রয়োগ ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ আহরণ, নদী-খালে দূষণ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
তারা আরও বলেন, বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ ছাড়া সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা সম্ভব নয়। এজন্য সচেতনতা বৃদ্ধি ও যুবসমাজকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
