তৌহিদ ইসলাম, ঢাকা প্রতিনিধি :- তেজগাঁও কলেজে ‘রাজাকার পতন উৎসব’ শিরোনামে আয়োজক হিসেবে নাম প্রকাশ করা হয়েছে ‘তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীগন’, কিন্তু কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, অনুষ্ঠানটির আয়োজন করেছে ছাত্র ইউনিয়ন। বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও বিতর্ক সৃষ্টি করেছে। উল্লেখযোগ্য, এই আয়োজনের জন্য কলেজ প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি, যা আরও বিতর্কিত মনে করা হচ্ছে।
ছাত্র অধিকার পরিষদ, তেজগাঁও কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আসিফ হোসেন বলেন, “ক্যাম্পাস রাজনীতি স্বচ্ছ ও সংগঠনের নিজস্ব পরিচয়ে হওয়া উচিত। কোনো পক্ষের কার্যক্রমকে সাধারণ শিক্ষার্থীদের নামে প্রকাশ করা বিভ্রান্তিকর এবং নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।” ইংরেজি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান মন্তব্য করেন, “ছাত্র ইউনিয়ন পক্ষপাতিত্ব, দলকানা ও অন্ধরাজনীতি নিয়ে নতুন রাজনীতি শুরু করেছে। প্রথমে প্রশংসা করলেও এখন দেখা যাচ্ছে এটি লঙ্কাকান্ডে পরিণত হয়েছে। ছাত্রসমাজ এর তীব্র নিন্দা ও প্রত্যাখান করছে।”
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নিয়াজ মিয়া বলেন, “নির্বাচন শেষ হতেই কাঁদাছোড়াছুড়ি শুরু করেছে ছাত্র ইউনিয়ন। আয়োজনে নাম দিয়েছে ‘তেজগাঁও কলেজের শিক্ষার্থীগণ’, কিন্তু প্রশাসনের অনুমতি কি ছিল তা স্পষ্ট নয়। এমন অশোভন আচরণ নিন্দনীয়।” রবিবার (১৫ ফেব্রুয়ারি) কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিন ঘটনাস্থলে এসে আয়োজকদের সতর্ক করেন এবং বলেন, “শিক্ষকের নির্দেশ মেনে উচ্চ শব্দে গান বাজানো বন্ধ করতে হবে এবং ক্লাসে সমস্যা সৃষ্টি করা যাবে না।”
অনুষ্ঠানের ব্যানারে ‘রাজাকার’ হিসেবে চিহ্নিত ছবি এবং একপাক্ষিক মন্তব্য শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের উপস্থাপনা ক্যাম্পাসে অপ্রয়োজনীয় উত্তেজনা ও বিভ্রান্তি বাড়াতে পারে। কলেজ প্রশাসন এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি, তবে শিক্ষার্থীদের মধ্যে ক্রমবর্ধমান বিতর্ক এবং প্রশাসনের অনুমতি ছাড়া আয়োজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। এই ঘটনা তেজগাঁও কলেজ ক্যাম্পাসে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, এবং আগামী দিনে এর প্রভাব কী রূপ নেয় তা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র