প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ৯:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে হত্যা মামলায় এক ভাইয়ের ফাঁসি, অপর ভাইয়ের ৫ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জ–এর রূপগঞ্জ উপজেলায় হেকমত আলী হত্যা মামলায় এক ভাইকে মৃত্যুদণ্ড এবং অপর ভাইকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তৃতীয় ভাইকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ–এর আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন—রূপগঞ্জের কেরাব মোল্লাবাড়ি এলাকার ইয়াকুব হোসাইনের ছেলে রফিকুল ইসলাম সবুজ ও মাহফুজুর রহমান। আদালত রফিকুল ইসলাম সবুজকে মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দেন। এছাড়া মাহফুজুর রহমানকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তৃতীয় ভাই মামুন অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবুজ পলাতক ছিলেন। তবে অপর দুই ভাই আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, ২০২০ সালের ৪ এপ্রিল পূর্ব শত্রুতার জেরে হেকমত আলীকে তার নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়। ঘটনার ১০ দিন পর, ১৪ এপ্রিল, ভুক্তভোগীর স্ত্রী রোকসানা বেগম থানায় অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ হেকমত আলীর লাশ উদ্ধার করে এবং তদন্ত শেষে তিন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় প্রদান করেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র