
অনলাইন ডেস্ক :- অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীজুড়ে ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ সাজ্জাত আলী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নির্দিষ্ট কোনো নিরাপত্তা শঙ্কা নেই। তবুও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
ডিএমপি কমিশনার আরও বলেন, মহান শহীদ দিবসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোকসমাগম হবে। এ উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।


