প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ১২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২২, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
নিখোঁজের তিন দিন পর নদীতে ভেসে উঠলো যুবকের মরদেহ

অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের তিন দিন পর তিতাস নদী থেকে মোহাম্মদ আলী (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার থানা ঘাট সংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ আলী উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের নজরুল মিয়ার ছেলে। পরিবারের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে তিতাস নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনেরা এসে মরদেহটি শনাক্ত করেন।
নিহতের পরিবার জানায়, গত তিন দিন ধরে মোহাম্মদ আলীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করলেও তাঁর সন্ধান মেলেনি। তবে এই ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানিয়েছেন তাঁর বাবা নজরুল মিয়া।
ছেলের মৃত্যুর বিষয়ে শোকাতুর বাবা নজরুল মিয়া বলেন, আমার ছেলেটি মানসিক প্রতিবন্ধী ছিল। কারও সঙ্গে তাঁর কোনো শত্রুতা ছিল না। তিন দিন ধরে নিখোঁজ থাকার পর আজ নদীতে তাঁর মরদেহ পাওয়ার খবর পাই।
নিহতের মা জানান, মোহাম্মদ আলী মানসিকভাবে অসুস্থ থাকায় গত কয়েকদিন ধরে কুমিল্লায় তাঁর চিকিৎসা চলছিল। ফেসবুকে ছবি দেখে এবং লোকমুখে খবর পেয়ে তাঁরা নদীপাড়ে এসে মরদেহ শনাক্ত করেন। তবে তিনি কীভাবে নদীতে গেলেন, সে বিষয়ে পরিবার কিছুই জানাতে পারেনি।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন মিয়া বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। এরই মধ্যে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র