প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ১২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
কুড়িগ্রাম সীমান্তে মাদকসহ দুই ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশি যুবককে আটক

অনলাইন ডেস্কঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকসহ দুই ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি বালারহাট সীমান্তবর্তী এলাকায়। পরে আটক যুবকদের ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।
আটককৃত দুই ভারতীয় নাগরিক হলেন- ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নটকোবাড়ি এলাকার সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২০) ও একই জেলার সাহেবগঞ্জ থানার কিসামত করলা গ্রামের জমির আলীর ছেলে ফারুক মিয়া (২২)। অপর বাংলাদেশি যুবক আয়নাল হক (২৬) এর বাড়ি ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেঁষা খলিশাকোঠাল এলাকায়। তিনি ওই এলাকার মনসের আলীর ছেলে। পুলিশ তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা আটক করে।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশ উপজেলার বালাটারি গ্রামের মৃত মনসের আলীর ছেলে জেলালের বাড়িতে মাদক কেনাবেচার খবরে সেখানে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ভারতীয়সহ অন্যান্যরা পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করে।
ফুলবাড়ী থানা পুলিশ সুত্রে জানা গেছে, আটক দুই ভারতীয় নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবির কাছে হস্তান্তর করা হবে এবং অপর বাংলাদেশী যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ প্রসঙ্গে লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, আটক দুই ভারতীয় নাগরিকের আটকের বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। রাতের মধ্যেই তাদেরকে বিএসএফের মাধ্যমে হস্তান্তর করা হবে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র