
অভিশেখ চন্দ্র রায়, রাণীশংকৈল , ( ঠাকুরগাঁও) প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর পূর্বপাড়া মিলন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় রুস্তম আলী (৯০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।
২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তরত চিকিৎসক রুস্তম আলী কে মৃত ঘোষণা করেন।
নিহত রুস্তম আলী ওই এলাকার মৃত কেরামত আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। এর আগেও একাধিকবার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন।
নিহতের ছেলে খোরশেদ আলী বলেন আমার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। কয়েকবার দুর্ঘটনায় আহত হওয়ার পরও বেঁচে ফিরেছিলেন। তবে এবার আর রক্ষা হলো না। এ ঘটনায় আমাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।
এ বিষয়ে রাণীশংকৈল থানার এস আই মানিক জানান, দুর্ঘটনাটি হরিপুর উপজেলায় ঘটেছে। কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


