
অনলাইন ডেস্ক :- মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রাজধানীর মিরপুরের অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার।
রোববার (১ মার্চ) বিকেলে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার জু রিসার্চ এডুকেশন অ্যান্ড সার্ভে সেন্টারে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় ৷
প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই এই চিড়িয়াখানাকে আরও সুসংগঠিতভাবে পরিচালনা করতে। এটি একটি সম্ভাবনাময় খাত। সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে পারলে চিড়িয়াখানাকে লাভজনক ও দর্শনার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।
তিনি বলেন, আমরা রাষ্ট্রের ক্ষমতাবান ব্যক্তি হিসেবে রাষ্ট্র পরিচালনা করতে চাই না; রাষ্ট্রের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই। মানুষ আমাদের যে প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছে, সেই আস্থা রক্ষা করাই আমাদের লক্ষ্য। শুধু আনুষ্ঠানিকতা পালন করে চলে যাওয়ার জন্য আমরা এখানে আসিনি।
চিড়িয়াখানা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তিনি চিড়িয়াখানা পরিদর্শনে এসেছেন। জাতীয় চিড়িয়াখানাকে কীভাবে আন্তর্জাতিক মানের করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, ঢাকা শহরে বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই। মানুষ ছুটি পেলেই কক্সবাজারসহ দেশ-বিদেশে চলে যান। তাই চিড়িয়াখানায় কোনো ত্রুটি বা অব্যবস্থাপনা রয়েছে কি না, তা দেখতেই আমরা আকস্মিক পরিদর্শনে এসেছি।
চিড়িয়াখানায় অবস্থানকালে তিনি বিভিন্ন প্রাণীর খাঁচা, প্রাণী চিকিৎসা কেন্দ্র ও ওষুধ সংরক্ষণাগার ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং প্রাণীদের খাবার, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সার্বিক পরিচর্যা বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে কিউরেটর ডা. মো. আতিকুর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান, ফখরুদ্দিন আহামেদ, মুহাম্মদ শাহাদাত খন্দকার, ভেটেরিনারি সার্জন ডা. মো. ওয়ালিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


