
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি খাস পুকুরে মাছ ধরা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া গ্রামের প্রায় পাঁচ বিঘা আয়তনের একটি সরকারি খাস পুকুরের লিজ নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থিত আছমত আলী (৫০) ও ধামাইনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক (৪৮)-এর মধ্যে বিরোধ চলছিল।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে আছমত আলী গোয়ালপাড়া মসজিদের নামে পুকুরটির লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর আবু বক্কর সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটির লিজ গ্রহণ করে মাছ চাষ শুরু করেন। সোমবার সকালে আবু বক্কর সিদ্দিক সমর্থকদের নিয়ে পুকুরে মাছ ধরতে গেলে আছমত আলীর পক্ষের লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষে উভয় পক্ষ ধারালো অস্ত্র, হাঁসুয়া, দা ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে আছমত আলীর পক্ষের চারজন এবং আবু বক্কর সিদ্দিকের পক্ষের সাতজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কর সিদ্দিকের পক্ষের ইসমাইল (৭০) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর আনুমানিক ২টার দিকে মারা যান। একই সময় আব্দুস সালাম (৬০) সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয়রা জানান, একই পুকুরকে কেন্দ্র করে ২০০৭ সালেও ফজলার রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছিলেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ দুটি হাসপাতালেই রয়েছে এবং ময়নাতদন্ত প্রক্রিয়া চলমান।


