অনলাইন ডেস্কঃ সিলেটে হঠাৎ করে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে গত নয় দিনে দুই স্থানে নারীদের ওপর ছিনতাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাগুলোর সিসিটিভি ফুটেজ ও ছবি ছড়িয়ে পড়লেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সর্বশেষ বৃহস্পতিবার সকালে নগরের সাগরদিঘিরপার এলাকায় হাঁটতে বের হয়ে এক নারী ছিনতাইকারীদের কবলে পড়েন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি নির্জন স্থানে তার পথরোধ করে মোবাইল ফোন ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। নারীটি ব্যাগ ছাড়তে অস্বীকৃতি জানালে একজন ছিনতাইকারী হাতে থাকা লম্বা অস্ত্র দিয়ে আঘাত ও ভয় দেখানোর চেষ্টা করে। তবে আশপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে মোবাইল ও ব্যাগ না নিয়েই তারা পালিয়ে যায়।
এর আগে ২৪ ফেব্রুয়ারি বিকেল তিনটার দিকে নগরের হাউজিং এস্টেট এলাকায় এক নারী কর কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা তার বহনকারী সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে এবং জোরপূর্বক ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
দুটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ওই ঘটনার পর সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোবাশ্বিরকে প্রত্যাহার করা হলেও এখনো ছিনতাইকারীদের শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সিলেট জেলা আইনজীবী সমিতির আইনজীবী রনেন সরকার রণি বলেন, দিনদুপুরে এমন ঘটনা জনমনে আতঙ্ক তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটেজ ছড়িয়ে পড়লেও এখনো কাউকে গ্রেপ্তার না হওয়া দুঃখজনক বলেও তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র