ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় শরীয়াহ আইন প্রাধান্য দেওয়ার অঙ্গীকার ইসলামী আন্দোলনের

Chif Editor

অনলাইন ডেস্ক :- আগামীতে ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরীয়াহ আইন প্রাধান্য দেওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ইশতেহার পাঠে তিনি এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, সকলের ধর্মীয় বিশ্বাস রক্ষা ও পালনের নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ইসলামী আন্দোলন প্রতিজ্ঞাবদ্ধ। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও সামাজিক সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে সহনশীলতা ও পরমতসহিষ্ণুতা রক্ষায় কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নারী পোশাক শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে ও কর্মজীবী মায়েদের জন্য প্রয়োজনীয় সংখ্যক দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলা হবে। শরীয়াহ মোতাবেক নারীদের সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিত করতে আইনগত ও সামাজিক বাস্তবায়ন জোরদার করা হবে। এছাড়ও নারীর কর্মসংস্থান, অধিকার, মর্যাদা ও স্বাধীনতার জন্য ইসলামই সবচেয়ে কার্যকর নীতি বলে মন্তব্য করেন দলটির আমির।

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর রাজনৈতিক অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অর্থবহ ও সম্মানজনক প্রতিনিধিত্ব, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষাপূর্ণ বৈষম্যহীন ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দেন মুফতি রেজাউল করীম।

Leave a Reply