
অনলাইন ডেস্ক :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারণার সুযোগ পেতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। জামায়াতে ইসলামীর পর এবার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে ভাষণ প্রদানের অনুমতি চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আবেদন করেছে দলটি।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দলের শীর্ষ নেতার বক্তব্য জনসাধারণের কাছে পৌঁছে দিতেই এই আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন থেকে সবুজ সংকেত পেলে নিবন্ধিত দলগুলোর শীর্ষ নেতারা পর্যায়ক্রমে রাষ্ট্রীয় প্রচারযন্ত্র ব্যবহার করে তাদের নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনা জাতির সামনে তুলে ধরার সুযোগ পাবেন।



