
অনলাইন ডেস্কঃ মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আবারও এলো পবিত্র রমজান। বাংলাদেশের আকাশে দেখা গেছে চলতি হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাসের চাঁদ। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনা বা রোজা রাখবেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার পর জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ।
আজ বুধবার রাতেই এশার নামাজের পর সারা দেশের মসজিদে মসজিদে শুরু হবে প্রথম তারাবির নামাজ এবং শেষ রাতে সেহরি খাওয়ার মাধ্যমে শুরু হবে প্রথম রোজার আনুষ্ঠানিকতা।
রজব ও শা’বান মাস যদি প্রচলিত নিয়ম অনুযায়ী ২৯ বা ৩০ দিন পূর্ণ করে, তবে আনুমানিক ৬০ থেকে ৬১ দিনের মধ্যে রমজান শুরু হতে পারে। তবে অন্যান্য ইসলামি মাসের মতোই, রমজানের চূড়ান্ত শুরুর তারিখ নির্ধারিত হবে সংশ্লিষ্ট দেশের অনুমোদিত কর্তৃপক্ষের মাধ্যমে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।



