
তৌহিদ ইসলাম, ঢাকা প্রতিনিধি :- রাজধানীর পল্টনে অবস্থিত বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কার্যালয়ে সাংবাদিক ও কর্মচারীদের বিক্ষোভের মুখে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ কার্যালয় ত্যাগ করেছেন।
বুধবার (দুপুর) বাসস কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিআরইউ ও ডিইউজের কয়েকজন নেতার উপস্থিতিতে আয়োজিত এক বৈঠকে অংশ নেওয়া সাংবাদিক-কর্মচারীদের একটি অংশ এমডিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। পরে তারা তার কক্ষে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পদত্যাগের দাবিতে চাপ সৃষ্টি করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মাহবুব মোর্শেদ কার্যালয় ত্যাগ করেন।
বাসসের একাধিক সাংবাদিক জানান, ঘটনার পর তিনি আর সেদিন অফিসে ফিরে আসেননি।
এদিকে, ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে মাহবুব মোর্শেদ অভিযোগ করেন, তাকে অপসারণের জন্য পরিকল্পিতভাবে ‘মব’ তৈরি করে চাপ সৃষ্টি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ আগস্ট অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ দেয়। সরকারের মেয়াদ শেষ হওয়ার পরদিনই এ বিক্ষোভের ঘটনা ঘটল।


