
অনলাইন ডেস্ক :- দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত সরাসরি আন্তর্জাতিক বাস পরিষেবা পুনরায় চালু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কমলাপুর বাস ডিপো থেকে ‘রয়্যাল মৈত্রী’র একটি বাস পরীক্ষামূলকভাবে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে আগরতলার উদ্দেশে রওনা হয়।
আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিসের মহাব্যবস্থাপক (জিএম) ওয়ারিছ আলম ডিএস জানান, আপাতত সপ্তাহে দুই দিন পরীক্ষামূলকভাবে বাস চলাচল করবে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে সপ্তাহে তিন দিন নিয়মিতভাবে এই পরিষেবা পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এদিকে, এই বাস সেবা চালু হওয়াকে দুই দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্কের নতুন ধাপ হিসেবে দেখছেন ত্রিপুরা সরকারের নীতিনির্ধারকেরা। ত্রিপুরার পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী এক বিবৃতিতে জানান, এই পরিষেবার মাধ্যমে পর্যটন ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


