জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

Chif Editor

অনলাইন ডেস্ক :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারণার সুযোগ পেতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। জামায়াতে ইসলামীর পর এবার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে ভাষণ প্রদানের অনুমতি চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আবেদন করেছে দলটি।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দলের শীর্ষ নেতার বক্তব্য জনসাধারণের কাছে পৌঁছে দিতেই এই আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

আবেদন জমা দেওয়ার বিষয়ে মাহাবুব আলম বলেন, আমরা আজ নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছি। ভাষণের জন্য এখনও নির্দিষ্ট সময় বা ‘স্লট’ বরাদ্দ দেওয়া হয়নি। তবে আমরা আশা করছি, নির্বাচন কমিশন দ্রুতই প্রচারের সময় নির্ধারণ করে আমাদের জানাবে।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর আমিরের ভাষণ রাষ্ট্রীয় গণমাধ্যমে একযোগে সম্প্রচারের অনুমতি চেয়ে সিইসি বরাবর আবেদন করা হয়েছে। আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় এই ভাষণ প্রদানের পরিকল্পনা রয়েছে দলটির।

নির্বাচন কমিশন থেকে সবুজ সংকেত পেলে নিবন্ধিত দলগুলোর শীর্ষ নেতারা পর্যায়ক্রমে রাষ্ট্রীয় প্রচারযন্ত্র ব্যবহার করে তাদের নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনা জাতির সামনে তুলে ধরার সুযোগ পাবেন।

Leave a Reply